অনলাইন ডেস্ক
১৬ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে আজ (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
অ্যাসামিপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন রায়ের বিষয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস. এম. মফিদুল ইসলাম রমনা থানায় গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ ছিল, গয়েশ্বর চন্দ্র রায়ের বাজারমূল্য অনুযায়ী দুইটি বাড়ির অতিরিক্ত নির্মাণ ব্যয় ও ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী তার ঘোষিত সম্পদের বাইরে এবং তার বিরুদ্ধে ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
মামলার তদন্ত শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন হয়। বিচার চলাকালে ৪৭ সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। ২৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৫ অক্টোবর রায় ঘোষণা করেন।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় বেকসুর খালাস পেয়ে যান।