নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত জটিলতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এতে আইনি কোনো বাধা নেই।”
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাবেক সরকারের আমলে প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন, তাদের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা দেশের ও রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ রয়েছে, তাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।”
বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ। আমি বিশ্বাস করি, কমিশন আগামী নির্বাচন সামনে রেখে একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট শাসকের দ্বারা নিরাপত্তাহীন বোধ করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেন। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন দেন।”
মতবিনিময় সভা শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে আয়োজিত ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।