অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় রাতের আঁধারে এক যুবকের ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি রাজধানীর শ্যামপুর এলাকায় ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক নীল ফুলস্লিভ পলো শার্ট, অ্যাশ রঙের জিনস ও জুতা পরে এক গলিতে ম্যানহোলের ঢাকনা তোলার চেষ্টা করছেন। তিনি এক পর্যায়ে ঢাকনাটিকে লাফিয়ে ও পা দিয়ে লাথি মেরে খুলতে চান। এতে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি, এরপরও বারবার চেষ্টা চালিয়ে যান।
ভিডিওতে আরও দেখা যায়, ছেলেটি একা সফল না হয়ে কারও দিকে ইশারা করে কাছে আসতে বলেন এবং চারপাশে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে নজরদারি এড়াতে চেষ্টা করেন। একপর্যায়ে তিনি চুরিতে ব্যর্থ হয়ে হতাশা প্রকাশ করেন।
এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হঠাৎ চিৎকার করে বলেন, "চোর! চোর! চোর!" —এই শব্দ শোনার পরপরই যুবকটি ঢাকনাটি ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, রাজপথ থেকে অলি-গলি— কোথাও নিরাপদ নয় ম্যানহোলের ঢাকনা। নিয়মিত এমন চুরির ঘটনায় পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সিটি করপোরেশন এসব বিষয়ে কার্যকর কোনো নজরদারি করছে না। তারা বলেন, “প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঢাকনা নেই। একটু অসাবধান হলেই প্রাণহানির আশঙ্কা।”
এটি প্রথম নয়— এর আগেও সিএনজি অটোরিকশা নিয়ে এসে ম্যানহোলের ঢাকনা চুরির ভিডিও ভাইরাল হয়েছিল। তখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।